পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য ৪ রাজ্যের ফলাফল
দি নিউজ লায়ন; পশ্চিমবঙ্গের সাথেই আজ অসম (১২৬ টি আসন), কেরল (১৪০), তামিলনাড়– (২৩৪) ও কেন্দ্র শাসিত অঞ্চল পডুচেরিতে (৩০) আসনেও বিধানসভার নির্বাচনের গণনা হয়। সেখানে প্রত্যাশামতোই অসমে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি জোট। এই রাজ্যটিতে ম্যাজিক ফিগার ৬৪, সেখানে ‘বিজেপি-অসম গণ পরিষদ-ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল’ জোটের প্রার্থীরা এগিয়ে আছে ৭৭ আসনে, কংগ্রেস-এআইইউডিএফ বিরোধী জোটের প্রার্থীরা এগিয়ে আছে ৪৮ আসনে।
তামিলনাড়ুতে ২৩৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৪১ টি আসনে এগিয়ে থেকে সরকার গড়ার পথে এম.কে.স্ট্যালিনের দল ‘দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম’ (ডিএমকে)। এখানে সরকার গড়তে দরকার ১১৮ আসন, সেখানে ক্ষমতাসীন দল ‘অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাঝাগাম’ (এআইএডিএমকে) এগিয়ে আছে ৮৯ আসনে।
দক্ষিণ ভারতের আরেক রাজ্য কেরলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের ট্রেন্ড লক্ষ্য করা গেছে। কিন্তু এবার তা দেখা গেল না। রাজ্যটির ১৪০ বিধানসভার আসনের মধ্যে ৮৫ আসনে এগিয়ে থেকে ফের সরকার গড়ার পথে ক্ষমতাসীন জোট সিপিআইএম নেতৃত্বাধীন ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ)। অন্যদিকে ৪১ আসনে এগিয়ে থেকে বিরোধী আসনেই থাকতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-কে। যদিও বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতেও এই চিত্রই সামনে উঠে আসে।
ভোট হয়েছে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল পডুচেরির ৩০ টি বিধানসভার আসনেও। এখানে ১১ টি আসনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৫ টি আসনে এগিয়ে আছে।

Post a Comment